টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে পাঁচ বছরের এক শিশুকে অপহরণ, হত্যা ও মরদেহ গুমের দায়ে নুরুন্নবী (২৭) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও মোট ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াছ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ৮ অক্টোবর গোপালপুর উপজেলার গাঙাপাড়া গ্রাম থেকে পাঁচ বছরের রায়হানুল ইসলাম আরাফকে ফুসলিয়ে অপহরণ করেন নুরুন্নবী। তিন দিন পর শিশুটির দাদা নাসির উদ্দিন গোপালপুর থানায় অপহরণ মামলা করেন।
পরে নুরুন্নবীকে গ্রেপ্তার করলে তার স্বীকারোক্তির ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈরের রেললাইনের পাশের একটি জঙ্গল থেকে আরাফের মরদেহ উদ্ধার করা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ, হত্যা এবং মরদেহ গুম করার কথা স্বীকার করেন।
রায়ে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অপহরণের দায়ে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং মরদেহ গুমের দায়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়েছে।











