খবরবাংলা ডেস্ক :
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি নারী-পুরুষ।
রোববার (৫ জুলাই) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের বেনাপোল চেকপোস্টে বিজিবির কাছে হস্তান্তর করলে বিজিবি ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে দেশে প্রবেশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।
ফেরত আসাদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলার বাসিন্দা।
ফেরত আসা ফিরোজ মাহমুদ জানান, ভালো চাকরির প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে গিয়ে তামিলনাড়ুতে বিভিন্ন বাসাবাড়ি, গার্মেন্টস ও ইটভাটায় কাজ করছিলেন তারা। এ সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে।
তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আদালত তাদের ৬ থেকে ৭ বছরের কারাদণ্ড দেন। সাজা শেষ হওয়ার পর ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের কারাগার থেকে মুক্ত করে শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দূতাবাসের সহযোগিতা এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ হয়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ৫০ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, সেখান থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জন এবং রাইট যশোর ২৫ জনকে গ্রহণ করেছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের আপাতত সংস্থার শেল্টার হোমে রাখা হবে। পরবর্তী সময়ে প্রয়োজনীয় সহায়তা দিয়ে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











