খবরবাংলা ডেস্ক :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)-এর মহাসচিব ইন্দ্র মণি পান্ডে।
মঙ্গলবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিমসটেকের চলমান কার্যক্রম, আঞ্চলিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডে সংস্থাটির বিভিন্ন কার্যক্রম ও সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন। তিনি বিমসটেককে এগিয়ে নিতে বাংলাদেশের নেতৃত্ব এবং গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধি, স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমসটেক কার্যক্রমের প্রতি বাংলাদেশের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশের সভাপতিত্বকালে আঞ্চলিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের কথা তুলে ধরে বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক সংযোগ, জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন, যাতে এ অঞ্চলের মানুষ সরাসরি এর সুফল পায়।
প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশের সভাপতিত্বকালীন অগ্রাধিকার ও গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নে সহায়তা করতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বিমসটেকের বিভিন্ন সেক্টরাল বৈঠক আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।
বৈঠকে বাংলাদেশের সভাপতিত্বকালে গ্রহণযোগ্য সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেন। পাশাপাশি একটি সমৃদ্ধ, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক বিমসটেক গড়ে তুলে এ অঞ্চলের জনগণের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











