সখিপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুরে একটি ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগের ফ্রিজে রোগ নির্ণয়ের নমুনা বা ওষুধের পরিবর্তে তাজা মাছ সংরক্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির প্যাথলজি বিভাগ সিলগালা করে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১০ আগস্ট) সকালে সখীপুরে দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে নিধি ডায়াগনো কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের ফ্রিজ খুলে তাজা মাছ পাওয়া যায়। অনিয়মের দায়ে প্যাথলজি বিভাগটি সিলগালা করার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকারী দল পাশের গ্রীণ লাইফ হসপিটালেও অভিযান চালায়। সেখানে মেয়াদোত্তীর্ণ কয়েকটি ক্যানুলা পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে আরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া আশপাশের আরও কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে অনিয়ম বা ভোক্তার স্বার্থবিরোধী কর্মকাণ্ড পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেহানা পারভীন উপস্থিত ছিলেন।











