খবরবাংলা ডেস্ক :
কুমিল্লার বুড়িচংয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অবৈধ মোটরসাইকেলসহ চোরাচালানি চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট-কুমিল্লা মহাসড়কের বুড়িচং থানাধীন ময়নামতি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের গোয়াইনঘাটের কামিম আহম্মদ (২৮), সিলেট কোতোয়ালির করিম (৩০) ও রাজু আহম্মদ (২৮), সুনামগঞ্জ সদরের সাইদুল ইসলাম (২২), সিলেটের জালালাবাদের পাবেল আহম্মদ (২৬) ও হোসাইন (২৩), সুনামগঞ্জের দিরাইয়ের রিপন চন্দ্র দাস (২৯), ছাতকের আবিদুল ইসলাম (২৮) এবং সিলেটের গোয়াইনঘাটের কাওছার হোসেন (২৬)।
ডিবি পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল দেশে এনে বিভিন্ন এলাকায় বিক্রি করছে—এমন তথ্যের ভিত্তিতে ময়নামতি এলাকায় ডিবির একটি দল অবস্থান নেয়। পরে রাত আড়াইটার দিকে ছয়টি মোটরসাইকেলে করে নয়জন সেখানে পৌঁছালে পুলিশ তাদের থামার সংকেত দেয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলেও ডিবি সদস্যরা তাদের আটক করেন।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে শুল্ক ফাঁকি দিয়ে মোটরসাইকেল বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন। পরে এসব মোটরসাইকেল কুমিল্লা, ফেনী, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে তারা জানিয়েছেন।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।











