খবরবাংলা ডেস্ক :
শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে তাকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অভ্যর্থনা জানানো হয়।
বঙ্গভবনের প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে স্বাগত জানায়। পরে ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগোনালে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেসসচিব সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।
বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দপ্তরে বসে বিভিন্ন সরকারি নথিতে স্বাক্ষর করেন। পরে তিনি বঙ্গভবনের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।
এর মধ্য দিয়ে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতির বঙ্গভবনকেন্দ্রিক নিয়মিত দাপ্তরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











