খবরবাংলা ডেস্ক :
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। দীর্ঘ ২০ বছর পর তাঁর যুক্তরাষ্ট্র সফর হতে যাচ্ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সরকারি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগে অন্য কোনো দেশ সফরের পরিকল্পনা নেই প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁর সফরসূচি ও অন্যান্য কর্মসূচি চূড়ান্ত করতে কাজ করছেন। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিষয়টি জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় মার্কিন দূতাবাসে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তারেক রহমান। সাধারণ পরিষদের কর্মসূচির পাশাপাশি অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
জাতিসংঘের কর্মসূচি শেষে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে দুদিনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিন হতে পারে।
এবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ ৪০ বছর পর একই অধিবেশনে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দুজন বাংলাদেশির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ ঘটনা হতে পারে।
দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তাঁকে স্বাগত জানাতে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা অনলাইনে যৌথ প্রস্তুতি সভাও করেছেন। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নেতাকর্মীদের নিউইয়র্কে জড়ো হওয়ার প্রস্তুতিও চলছে।
এর আগে ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। সরকার গঠনের পর গত ২১ থেকে ২৬ জুন তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যাওয়ার তথ্যও রয়েছে। ওই সফরে জনশক্তি রপ্তানি, পণ্য আমদানি-রপ্তানি ও করিডর স্থাপনসহ বিভিন্ন বিষয়ে দুই দেশের সঙ্গে সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়।
এরপর কয়েকটি দেশ সফরের আমন্ত্রণ পেলেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে আপাতত অন্য কোনো দেশ সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











