মো আজিজুল হক
,
নাগরপুর প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া-আটগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. কোহিনূর মিয়ার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বেকড়া পূর্বপাড়া ৬ নম্বর ওয়ার্ডের গোপাল চন্দ্র সূত্রধরের বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বেকড়া বিশ্বেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কোহিনূর মিয়ার সমর্থনে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বেকড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে এবং বেকড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ইলিয়াস হোসেন দিদারের সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. কোহিনূর মিয়া। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বক্তব্যে মো. কোহিনূর মিয়া বলেন, বেকড়া-আটগ্রাম ইউনিয়নের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থেকে অবহেলিত এই জনপদকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব, মাদকমুক্ত ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই তাঁর মূল লক্ষ্য। সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা জানিয়ে তাঁর নির্বাচনী কার্যক্রমে সকলের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন।
বক্তব্যের একপর্যায়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন কোহিনূর মিয়া। তিনি জানান, সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তাঁর সুস্থতার জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান তিনি।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বেকড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক লাভু আহমেদ পারভেজ, বেকড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জুয়েল মোল্লা, বেকড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, বেকড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. আজাদ মিয়া, স্থানীয় যুবদল নেতা আজাহারুল ইসলাম, মো. আরিফ হোসেন ও মো. জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক ছাত্রনেতা ও নাগরপুর সরকারি কলেজের হিন্দু ধর্ম সম্পাদক জলধর সূত্রধর এবং বেকড়া-আটগ্রাম ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. সাহিদা পারভীন জরিনা।
সভাপতির বক্তব্যে লুৎফর রহমান বলেন, সমাজসেবা ও শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি এলাকার সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে মো. কোহিনূর মিয়া সুপরিচিত। আসন্ন নির্বাচনে তাঁকে জয়ী করতে ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উঠান বৈঠক শেষে সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলুর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।











