খবরবাংলা ডেস্ক :
মক্কা প্যাক্টের বিষয়ে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দেশের স্বার্থ ও সম্ভাব্য প্রভাব যাচাই-বাছাই করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজ মন্ত্রণালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের জন্য অমঙ্গল হয়—এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।
এর আগে আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন শামা ওবায়েদ। বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানায় আইপিইউ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকে সংসদীয় গণতন্ত্রের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কূটনীতি আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া বর্তমান সংসদে তরুণ সদস্যদের উপস্থিতিকেও ইতিবাচকভাবে দেখছে আইপিইউ। বৈঠকে বাংলাদেশের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সংসদীয় ফোরামগুলোর সমর্থন আদায়ের বিষয়েও আলোচনা হয়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











