টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে প্রথমবারের মতো জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
জব ফেয়ারে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ৫১টি স্টল অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাদের চাহিদা অনুযায়ী যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছ থেকে নিবন্ধনের মাধ্যমে জীবনবৃত্তান্ত সংগ্রহ করছেন।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক বলেন, চাকরিতে আগ্রহী অনেক শিক্ষিত মানুষ বিভিন্ন সময়ে জেলা প্রশাসনের কাছে নিজেদের আগ্রহের কথা জানান। বিষয়টি বিবেচনায় নিয়েই এই জব ফেয়ারের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রয়োজন অনুযায়ী যোগ্য ও আগ্রহী প্রার্থী বাছাই করতে পারবে। একই সঙ্গে তরুণদের মধ্যে চাকরি ও কর্মসংস্থান নিয়ে নতুন উৎসাহ তৈরি হবে। ভবিষ্যতেও টাঙ্গাইলে এ ধরনের জব ফেয়ারের আয়োজন করা হবে বলে জানান তিনি।
জব ফেয়ার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুব হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, অতিরিক্ত দায়িত্ব) সুমাইয়া মমিন এবং টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।











