টাঙ্গাইল সদর সংবাদ দাতা
প্রাণিসম্পদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং এ খাতের অগ্রগতিতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার সকালে টাঙ্গাইলের তারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাণী স্বাস্থ্যসেবা, টিকাদান ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখা ও স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ বিভাগের সার্বিক সহযোগিতা ছিল।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গবাদিপশুকে সুস্থ রাখতে দেশে নিয়মিত টিকাদান, খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এসব কার্যক্রমের মাধ্যমে খামারি, কৃষকসহ সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন।
তিনি বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন হলে দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। এ কারণে গবাদিপশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি খামারিদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির আহ্বায়ক আদনান আজাদ, সহসভাপতি ডা. আতিকুর রহমান, উপদেষ্টা কৃষিবিদ বদরুল হক এবং টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গণি।
অনুষ্ঠানে প্রাণীদের স্বাস্থ্যসেবা ও টিকাদানের পাশাপাশি গাছের চারা বিতরণ করা হয়।











