খবরবাংলা ডেস্ক :
দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, সার নিয়ে কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, কেউ কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে সার মজুদের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে সরকার সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী আরও জানান, ফেনীতে সাড়ে সাত হাজার কৃষক কৃষি কার্ড পাবেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে গিয়ে কৃষি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এর আগে কৃষিমন্ত্রী ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সমাবেশের প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতির খোঁজ নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মাহবুব উল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার, কৃষি বিভাগের উপপরিচালক আতিক উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











