খবরবাংলা ডেস্ক :
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন, অগ্রাধিকার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি সফরকালে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সুযোগও তৈরি হতে পারে।
নিউইয়র্ক সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। অধিবেশনের ফাঁকে বিভিন্ন পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কখন কার সঙ্গে সাক্ষাৎ বা বৈঠক করবেন, সফরসূচি চূড়ান্ত হলে তা জানানো হবে। এ বিষয়ে কোনো কিছু গোপন রাখা হবে না বলেও জানান তিনি।
এদিকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, দিল্লির সঙ্গে ঢাকা নতুন ও কার্যকর সম্পর্ক গড়ে তুলতে চায়।
বাংলাদেশ-ভারত সীমান্তে বেসামরিক মানুষ হত্যার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, সীমান্তে মানুষের নিরাপত্তা ও হত্যাকাণ্ডের বিষয়গুলো কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
এ ছাড়া বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতেও সরকার কাজ করছে বলে জানান হুমায়ুন কবির। এ ক্ষেত্রে ব্রিটেনসহ কয়েকটি দেশের সঙ্গে সরকার সমন্বয় করে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











