খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশের বিবাহ ও তালাক নিবন্ধন পুরোপুরি ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অনলাইন ব্যবস্থার মাধ্যমে তথ্য গোপন করে একাধিক বিয়ে, বাল্যবিবাহসহ বিভিন্ন অনিয়ম ঠেকানো সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নিকেতনে ব্র্যাক লার্নিং সেন্টারে নিকাহ রেজিস্ট্রারদের জন্য আয়োজিত ‘অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধনে সফটওয়্যারের ব্যবহারবিধি’ শীর্ষক ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, অনলাইনে বিবাহ ও নিকাহ নিবন্ধনের অন্যতম উদ্দেশ্য হলো দেশের বিভিন্ন এলাকার মানুষের বৈবাহিক সম্পর্কের তথ্য একটি কেন্দ্রীয় ডেটাবেজে সংরক্ষণ করা। এর ফলে কোনো এলাকায় কতজনের বিয়ে হচ্ছে, সেই তথ্যও সহজে পাওয়া যাবে।
তিনি বলেন, অনলাইন ব্যবস্থার মাধ্যমে কোনো এলাকায় বাল্যবিবাহ হচ্ছে কি না, সেটিও শনাক্ত করা সম্ভব হবে। বাল্যবিবাহ প্রতিরোধে দেশে আইন রয়েছে এবং এর যথাযথ প্রয়োগ হচ্ছে—আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি তুলে ধরতেও এ ধরনের তথ্য গুরুত্বপূর্ণ।
ঠেকানো যাবে তথ্য গোপন করে একাধিক বিয়ে অনলাইন নিবন্ধনের অন্যতম সুবিধা হিসেবে তথ্য গোপন করে একাধিক বিয়ে ঠেকানোর বিষয়টি তুলে ধরেন আইনমন্ত্রী।
তার ভাষ্য অনুযায়ী, কোনো ব্যক্তি এক জায়গায় বিয়ে করার পর তথ্য গোপন করে অন্য এলাকায় গিয়ে আবার বিয়ে করতে চাইলে অনলাইন ব্যবস্থায় তার আগের বৈবাহিক সম্পর্কের তথ্য দেখা যাবে। ফলে আগের স্ত্রীর প্রয়োজনীয় অনুমতি ছাড়া পরবর্তী বিয়ে নিবন্ধনের বিষয়টি যাচাই করা সহজ হবে।
ভবিষ্যতে কোনো ব্যক্তি মারা যাওয়ার পর তার স্ত্রী বা সন্তানদের মধ্যে উত্তরাধিকার কিংবা বৈবাহিক সম্পর্ক নিয়ে বিরোধ দেখা দিলে অনলাইনে সংরক্ষিত তথ্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে আসবে বলেও জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, বিবাহের রেজিস্ট্রেশন অনলাইনে সংরক্ষিত থাকলে ভবিষ্যতে কেউ মিথ্যা দাবি করতে পারবে না। ২০ থেকে ৫০ বছর পরও রেকর্ড সংরক্ষিত থাকলে কে কার স্ত্রী বা সন্তান, তা সহজেই যাচাই করা সম্ভব হবে।
এনআইডি-পাসপোর্টের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা আইনমন্ত্রী জানান, পর্যায়ক্রমে অনলাইনে সংরক্ষিত বিবাহ নিবন্ধনের তথ্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হবে। একই সঙ্গে জন্ম নিবন্ধনের তথ্যও কেন্দ্রীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
কেন্দ্রীয়ভাবে এসব তথ্য সংযুক্ত করা হলে একজন ব্যক্তির বিভিন্ন তথ্য একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আসবে বলে জানান তিনি।
এ বিষয়ে সরকার একটি মহাপরিকল্পনা নিয়ে এগোচ্ছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগ, বিশেষ করে সাব-রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রারদের কার্যক্রম আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় আনতে কাজ চলছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটাল করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
তথ্য সূত্র : যমুনা টিভি











