খবরবাংলা ডেস্ক :
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল নম্বরপত্র বিতরণ শুরু করতে যাচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ৩ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী এ কার্যক্রম চলবে।
সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, ঢাকার ৪ নম্বর ভবনের পঞ্চম তলায় অবস্থিত সনদপত্র শাখা থেকে মূল নম্বরপত্র বিতরণ করা হবে। নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নম্বরপত্র সংগ্রহ করা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষকে নিজে উপস্থিত হয়ে নম্বরপত্র নিতে হবে। তিনি উপস্থিত হতে না পারলে দায়িত্বপ্রাপ্ত কোনো প্রতিনিধিকে প্রাধিকারপত্র দিয়ে পাঠাতে পারবেন।
জেলাভিত্তিক নম্বরপত্র বিতরণের সময়সূচি
ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত অফিস আদেশ অনুযায়ী, জেলাভিত্তিক নম্বরপত্র বিতরণের সময়সূচি নিচে দেওয়া হলো—
- ৩ নভেম্বর: মুন্সিগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুর।
- ৪ নভেম্বর: শরীয়তপুর ও মানিকগঞ্জ।
- ৫ নভেম্বর: গাজীপুর ও রাজবাড়ী।
- ৮ নভেম্বর: নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল।
- ৯ নভেম্বর: নরসিংদী, ঢাকা জেলা ও গোপালগঞ্জ।
- ১০ নভেম্বর: কিশোরগঞ্জ ও ঢাকা মহানগরী।
নম্বরপত্র সংগ্রহে যেসব কাগজপত্র লাগবে
অফিস আদেশে বলা হয়েছে, মূল নম্বরপত্র সংগ্রহের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে কতজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, তার বিবরণপত্র সঙ্গে আনতে হবে। পাশাপাশি তিন সেট নমুনা স্বাক্ষর সত্যায়িত করে জমা দিতে হবে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা অধ্যক্ষের ক্ষেত্রে, কিংবা তাঁর পাঠানো প্রতিনিধির মাধ্যমে নম্বরপত্র সংগ্রহ করা হলে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সিদ্ধান্তের কপি জমা দিতে হবে।
এ ছাড়া মূল নম্বরপত্র গ্রহণের আবেদনে ম্যানেজিং কমিটির সভাপতি, গভর্নিং বডির চেয়ারম্যান অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষর থাকতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, এসব শর্ত পূরণ না হলে মূল নম্বরপত্র দেওয়া সম্ভব হবে না। তাই নির্ধারিত তারিখে নম্বরপত্র সংগ্রহের আগে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিশ্চিত করতে হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











