খবরবাংলা ডেস্ক
বঞ্চিত, নির্যাতিত, অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল পেশাদার সাংবাদিকদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ট্রাস্টের বাজেট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বাজেট বাড়ানো হলে আরও বেশি সংখ্যক সাংবাদিককে আর্থিক সহায়তার আওতায় আনা সম্ভব হবে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাস্টের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম।
তিনি বলেন, বঞ্চিত, নির্যাতিত, অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল পেশাদার সাংবাদিকদের অনুদানের আওতায় আনতে সংশ্লিষ্ট সবাইকে নির্ভুলভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। অনুদান প্রদানের ক্ষেত্রে ট্রাস্টের নির্ধারিত বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। তিনি আরও জানান, শহর ও গ্রামের প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
অনুষ্ঠানে জানানো হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান হিসেবে রংপুর বিভাগের ছয় জেলার ৫৪ জন সাংবাদিক ও প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যদের মধ্যে মোট ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
অনুদানপ্রাপ্তদের মধ্যে রংপুরের ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের আটজন, গাইবান্ধার আটজন এবং ঠাকুরগাঁও ও লালমনিরহাটের একজন করে সাংবাদিক রয়েছেন। তাদের মধ্যে চারজন প্রয়াত সাংবাদিকের পরিবারের সদস্য। এদিকে, রংপুর বিভাগের সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালের সঙ্গে সমঝোতা চুক্তির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক (ডিসি) ইসরাত জাহান।
তিনি বলেন, গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রকে জবাবদিহির আওতায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবিএম রফিকুল ইসলাম। জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরপিইউজের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) রমিজ আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খ্রিস্টফার হিমেল রিছিল।
এ ছাড়া বক্তব্য দেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল করিম রেজা।








