খবরবাংলা ডেস্ক :
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার মান ও শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় অন্যান্য যোগ্যতা অর্জনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা করা উচিত।
রোববার (১৫ নভেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে বিইউপি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে তাঁকে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি ও ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদাসম্পন্ন বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে।
উপাচার্য আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা ও প্রয়োজনীয় অন্যান্য পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়টি।
এ সময় বিইউপির আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান উপাচার্য। তিনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
তথ্য সূত্র : যমুনা টিভি











