খবরবাংলা ডেস্ক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর পায়ুপথ থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এ ছাড়া তার পরিহিত অন্তর্বাসের কাপড়ে মাখানো অবস্থায় আরও প্রায় ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া গেছে। এ ঘটনায় হাসান মিয়া নামের ওই যাত্রীকে আটক করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) ভোরে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় আসেন তিনি।
কাস্টমস কর্মকর্তারা জানান, বিমানবন্দরে যাত্রীর এক্স-রে পরীক্ষা করার সময় তার পায়ুপথে লুকানো স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়। পাশাপাশি তার অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়।
সব মিলিয়ে উদ্ধার করা বস্তুগুলোর মোট ওজন প্রায় এক কেজি। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরিশোধন ও পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত স্বর্ণের পরিমাণ এবং বিশুদ্ধতা নিশ্চিত হওয়া যাবে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের প্রাথমিক ধারণা, এ ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় স্বর্ণ চোরাচালান চক্র জড়িত থাকতে পারে। চক্রটির সদস্য এবং নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তদন্ত চালানো হবে।
প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।
তথ্য সূত্র : যমুনা টিভি











