খবরবাংলা ডেস্ক :
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ভঙ্গিতে কোনো ধরনের অসম্মান দেখেননি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বরং তার আচরণে আন্তরিকতা প্রকাশ পেয়েছে বলে মনে করেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, এড মিলিব্যান্ডকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন। গত দুই সপ্তাহের মধ্যে তার সঙ্গে দুইবার দেখা হয়েছে। কমনওয়েলথের সাইডলাইনে এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তার সঙ্গে কথা হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এড মিলিব্যান্ড অত্যন্ত আন্তরিক একজন মানুষ। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথেষ্ট শ্রদ্ধা করেন এবং গুরুত্ব দেন। প্রধানমন্ত্রীকে ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের একজন নেতা হিসেবেও আখ্যায়িত করেছেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের দুই-তৃতীয়াংশ মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং দেশের গণতান্ত্রিক উত্তরণকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তিনিও নতুন দায়িত্ব নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অনেক ক্ষেত্রে বসার ভঙ্গিটি হয়তো তার নিজের জন্যই কিছুটা অস্বস্তিকর ছিল। তবে বিষয়টিতে তিনি অসম্মানজনক কিছু দেখেননি।
তিনি বলেন, যারা বিষয়টি নিয়ে আলোচনা করছেন, তারা হয়তো একটি ভালো আলোচনাকে অন্যদিকে প্রবাহিত করতে চাইছেন। ব্যক্তিগতভাবে তিনি এ ধরনের কিছু দেখেননি।
এ সময় বসার ভঙ্গি নিয়ে বিতর্কের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, এভাবে বসার উদাহরণ তো শেখ মুজিবের সামনে জুলফিকার আলী ভুট্টোই আগে তৈরি করেছেন। বর্তমান সরকারের সামনে তেমন লোকজন নেই বললেই চলে।
তথ্য সূত্র : যমুনা টিভি











