খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান। রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মো. ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ছিন্ন করার শর্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে তাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, অপর এক প্রজ্ঞাপনে বিটিআরসির বর্তমান চেয়ারম্যান এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর এমদাদ উল বারীকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বিটিআরসির চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল সরকার। সে অনুযায়ী ২০২৭ সালে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই রোববার তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











