খবরবাংলা ডেস্ক :
প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাসের কারণে বাংলাদেশের মানুষ আতঙ্কিত নয়; বরং সন্ত্রাসীদের বিষয়ে জনগণ কঠোর অবস্থানে রয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, ‘মনের জ্বালায় পয়সা দিয়ে বা ভাড়া করে অনেক কিছু লেখানো যেতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুটি ভিন্ন বিষয়। এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে।’
হুমায়ুন কবির আরও বলেন, ‘বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখে—সেই স্বপ্নে মনে হয়, হেঁটে হেঁটে বাংলাদেশে চলে যাচ্ছি কিংবা বিমানে চলে যাচ্ছি।’
তিনি বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাঁকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
বিদেশি কূটনীতিকদের ব্রিফিং
ব্রিফিংয়ের শুরুতে আমন্ত্রিত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের মানুষের অবস্থানও বিদেশি প্রতিনিধিদের জানানো হয়।
ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়ার বিভিন্ন দেশের প্রায় ৬০টি মিশনের প্রধান এবং জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











