খবরবাংলা ডেস্ক :
রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র, হাতবোমা, ককটেলের অংশবিশেষ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ডিএমপির রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ১০০ জন, মিরপুর বিভাগে ১১৭ জন, গুলশান বিভাগে ৪১ জন এবং উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এ ছাড়া পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, এক লিটার পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ, এক হাজার টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











