খবরবাংলা ডেস্ক :
ব্যবসায়ীদের সহায়তায় ৬ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এ প্যাকেজের আওতায় ব্যবসায়ীদের ঋণের সুদে ভর্তুকি দেওয়া হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসায় নীতি সুদহার আরও কমানোর বিষয়েও চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় ব্যাংক।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে লোকাল এলসি-সংক্রান্ত লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’ (বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট) উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন গভর্নর।
মোস্তাকুর রহমান বলেন, ব্যবসার ব্যয় কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। কারণ ব্যবসার খরচ কমলে শুধু ব্যবসায়ী বা ব্যাংকাররাই উপকৃত হবেন না, বরং দেশের ১৮ কোটি মানুষও কম দামে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ পাবেন।
তিনি বলেন, ব্যবসায়ীদের ঋণের সুদ ও অন্যান্য খরচ বেড়ে গেলে শেষ পর্যন্ত তার প্রভাব পণ্যের দামের ওপর পড়ে। তাই লেনদেনের সময় ও খরচ কমিয়ে সাধারণ মানুষের জন্য পণ্য ও সেবা সাশ্রয়ী করাই কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য।
ঋণের সুদহার কমানোর উদ্যোগের বিষয়ে গভর্নর জানান, ঋণের বেঞ্চমার্কের সঙ্গে অতিরিক্ত সুদের সর্বোচ্চ সীমা ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য ৬ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ নেওয়া হয়েছে, যেখানে সুদ ভর্তুকির ব্যবস্থা রাখা হয়েছে।
বৈদেশিক মুদ্রার লেনদেন সহজ করার বিষয়ে তিনি বলেন, নির্দিষ্ট সীমার বেশি বৈদেশিক মুদ্রার লেনদেনের অনুমোদন ৪৮ ঘণ্টার মধ্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে ব্যবসায়ীদের সময় ও ব্যয় দুটিই কমবে।
গভর্নর আরও জানান, বৈদেশিক মুদ্রাবাজারে স্বচ্ছতা আনতে একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার চালুর কাজ চলছে। এ ব্যবস্থায় ক্রেতা ও বিক্রেতার পরিচয় গোপন রেখে লেনদেন সম্পন্ন করা যাবে। ফলে বাজারে কারসাজির সুযোগ কমবে এবং বাজারভিত্তিক বিনিময় হার নির্ধারণ সহজ হবে। আগামী এক মাসের মধ্যে এটি চালুর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া আমদানি-রপ্তানির ঋণপত্র বা এলসি-সংক্রান্ত নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে আদান-প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক কুরিয়ার খরচ কমার পাশাপাশি এক দেশ থেকে অন্য দেশে নথি পাঠানোর দীর্ঘ সময়ও বাঁচবে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে কয়েক মিনিটের মধ্যেই প্রয়োজনীয় নথি পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মের নিরাপত্তা প্রসঙ্গে মোস্তাকুর রহমান বলেন, উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করেই এটি তৈরি করা হয়েছে। চালুর আগে প্ল্যাটফর্মটির নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে। এ সময় ব্যবসায়ী ও ব্যাংকারদের নতুন প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










