খবর বাংলা ডেস্ক :
মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ সোমবার (১৮ মে)। এদিন সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে।
রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কে বিষয়টি অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে সৌদি আরবে ইতোমধ্যে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে। সে অনুযায়ী আগামী ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
সৌদি আরবের পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ কয়েকটি মুসলিমপ্রধান দেশও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











