খবর বাংলা ডেস্ক :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি বলেন, “আল্লাহ তায়ালা যেন আমাকে তৌফিক দেন, আমি যে প্রতিশ্রুতিগুলো আপনাদের দিয়েছি, সেগুলো রক্ষা করতে পারি।”
বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও চৌরাস্তা বড় মসজিদের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি এ এলাকার সন্তান এবং জনগণ সবসময় তাকে সমর্থন দিয়েছেন। তিনি বলেন, “আমি যতবার আপনাদের সামনে এসেছি, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।”
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আবারও উল্লেখ করেন, এটিই হয়তো তার শেষ নির্বাচন। এর আগে বিভিন্ন সময়েও তিনি এমন ইঙ্গিত দিয়েছিলেন বলে জানান।
অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের চলমান ও সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। তিনি জানান, সদর উপজেলাকে বিভক্ত করে আরও দুটি নতুন উপজেলা গঠনের বিষয়ে সরকারের অনুমোদন পাওয়া গেছে। পাশাপাশি দীর্ঘদিনের প্রত্যাশিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও মিলেছে।
বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, “শাহিন আমাদের এখানকার অত্যন্ত পণ্ডিত মানুষ। তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পেয়েছেন।”
তিনি আরও জানান, মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমতিও ইতোমধ্যে পাওয়া গেছে এবং দ্রুত কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ঠাকুরগাঁওয়ে আরও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মসজিদ নির্মাণকাজ সম্পন্নে সবার সহযোগিতা কামনা করে বিএনপি মহাসচিব বলেন, দেশের বাইরে থাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেকেই ইতোমধ্যে মসজিদ নির্মাণে সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











