খবর বাংলা ডেস্ক :
ঢাকার তুরাগ নদীতে নৌকা থেকে পড়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে আরেক কিশোর। বুধবার (১৩ মে) বিকেলে দীর্ঘ উদ্ধার অভিযানের পর দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হলেন তুরাগ থানার কামারপাড়া সাহেব আলী মাদরাসা এলাকার ইদ্রিস আলীর ছেলে ইমরান (১৬) এবং তার প্রতিবেশী বন্ধু মো. নোমান (১৩)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পাঁচ বন্ধু মিলে নৌকাযোগে তুরাগ নদীতে ঘুরতে ও গোসল করতে যায়। একপর্যায়ে নোমান নৌকা থেকে নেমে গোসল করার সময় নদীর পানিতে তলিয়ে যায়। বন্ধুকে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারে নদীতে ঝাঁপ দেয় ইমরান।
তবে একপর্যায়ে দুই বন্ধুই নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ইমরানের মামা হালিম মিয়া জানান, বন্ধুকে বাঁচাতে গিয়েই ইমরান নিজেও পানিতে তলিয়ে যায়। প্রায় তিন ঘণ্টার বেশি সময় চেষ্টার পর ডুবুরিরা দুই কিশোরের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী নৌ ফাঁড়ি পুলিশের পরিদর্শক সিরাজ উদ্দিন জানান, বিকেল ৫টার দিকে তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে পাঁচ বন্ধু নৌকায় করে নদীতে ঘুরতে যায়। অসাবধানতাবশত নোমান নদীতে পড়ে গেলে তাকে বাঁচাতে ইমরান ঝাঁপ দেয়। পরে দুজনই নিখোঁজ হয়। খবর পেয়ে ডুবুরি দল দীর্ঘ চেষ্টার পর মরদেহ উদ্ধার করে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











