খবরবাংলা ডেস্ক :
হবিগঞ্জের একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা বিচারাধীন থাকায় এই মুহূর্তে কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।
বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে ব্যারিস্টার সুমনের জামিন মঞ্জুর করেন।
আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার পূর্ণিমা জাহান।
আরও চার মামলার জামিন শুনানি বাকি আদালত সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া আরও চারটি মামলায় ব্যারিস্টার সুমনের জামিন আবেদন এখনো শুনানির অপেক্ষায় রয়েছে।
যেভাবে হয়েছিল মামলা মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ গোলচত্বরে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।
অভিযোগে বলা হয়, সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়ে গুলিবর্ষণের মাধ্যমে হত্যাচেষ্টার ঘটনা ঘটে।
পরে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মো. মোস্তাফিজুর রহমান চুনারুঘাট থানায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
এরপর একই বছরের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।
এখনই মুক্তি মিলছে না আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর খিলগাঁও ও আদাবর থানার পৃথক দুটি হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন-সংক্রান্ত রুলও বর্তমানে হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায়, এই মামলায় জামিন পেলেও আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











