খবরবাংলা ডেস্ক :
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিনের জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে কালিহাতী উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
গত শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এলেঙ্গা পৌরসভাকে নতুন উপজেলা হিসেবে বাস্তবায়নের দাবি জানান।
বক্তব্যটি প্রকাশ্যে আসার পর থেকেই কালিহাতীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই দাবি করছেন, কালিহাতীর সাধারণ মানুষের প্রত্যাশা অবিভক্ত কালিহাতী উপজেলা। তাদের মতে, উপজেলার প্রশাসনিক অখণ্ডতা ও দীর্ঘদিনের ঐতিহ্য অক্ষুণ্ন রাখা প্রয়োজন। এলেঙ্গাকে পৃথক উপজেলা করার দাবি স্থানীয় জনগণের সামগ্রিক মতামতের প্রতিফলন নয়।
এদিকে, এমপির বক্তব্যে উপজেলার অন্যান্য এলাকার মানুষের মধ্যে বঞ্চনার অনুভূতি তৈরি হয়েছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহলের দাবি, বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে কালিহাতীর সার্বিক উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা বিভিন্ন ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরা উচিত ছিল।
তাদের অভিযোগ, পুরো উপজেলার উন্নয়ন ও জনস্বার্থের বিষয়গুলো উপেক্ষা করে শুধুমাত্র এলেঙ্গা পৌরসভাকে উপজেলা করার দাবিকে গুরুত্ব দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
বর্তমানে বিষয়টি নিয়ে কালিহাতীর রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট এলাকাকে প্রাধান্য না দিয়ে কালিহাতী উপজেলার সার্বিক উন্নয়ন এবং সব এলাকার মানুষের স্বার্থকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।











