গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড় শিলা গ্রামে নদীতে গোসল করতে নেমে মিম (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে নানির বাড়িতে বেড়াতে এসেছিল মিম। দুপুরে এলাকার অন্যান্য শিশুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে সে। একপর্যায়ে কয়েকজন শিশু পানিতে তলিয়ে যেতে শুরু করলে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালায়।
এ সময় একজন শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও মিম নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে নদীতে খোঁজাখুঁজি চালান। অবশেষে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মিমকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। এলাকাজুড়েও নেমে আসে শোকের ছায়া।
স্থানীয়রা নদী ও জলাশয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।











