গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলমনগর ইউনিয়নের আলমনগর দক্ষিণপাড়া এলাকায় বজ্রপাতে কল্পনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার কৃষক আইয়ুব উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) দুপুরে নিজ বাড়ির পাশের জমিতে খড় শুকাতে যান কল্পনা বেগম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় বজ্রপাতের ঘটনা বৃদ্ধি পাওয়ায় খোলা মাঠ ও ফসলি জমিতে কাজ করার সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।











