খবর বাংলা ডেস্ক :
ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ ও এপ্রিল—এই দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার রাত ১২টার পর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এই সময়ে মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
জেলা মৎস্য বিভাগ জানায়, জাটকা সংরক্ষণের জন্য মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী অভয়াশ্রম এলাকা ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়জুড়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের যৌথ টহল অব্যাহত থাকবে।
প্রতি বছর জাটকা সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা জারি করা হয়, যাতে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়ানো সম্ভব হয়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











