টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত, মানসম্মত ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
সভায় স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মো. মুস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নূরুল আমিন মিঞা, হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস, সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, চিকিৎসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে হাসপাতালের পরিচালক হাসপাতালের বর্তমান কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
সভায় হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও অন্যান্য জনবল সংকট নিরসন, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ, রোগীদের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার মান বৃদ্ধি, ওয়ার্ডের পরিবেশ উন্নয়ন, দালালচক্র নির্মূল এবং অ্যাম্বুলেন্স সেবার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের মানুষ যাতে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। হাসপাতালের জনবল সংকট দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হবে। তবে নতুন জনবল নিয়োগ না হওয়া পর্যন্ত বিদ্যমান জনবল দিয়েই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, চিকিৎসা পেশা অত্যন্ত মানবিক ও দায়িত্বপূর্ণ। মানুষ বিপদে পড়েই হাসপাতালে আসে। তাই চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা, দায়িত্বশীলতা ও মানবিকতা নিয়ে কাজ করতে হবে। সীমিত জনবল থাকলেও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।
প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।











