কালিহাতী
,
সংবাদ দাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার (১৮ জানুয়ারি) শুনানি শেষে কমিশনের আপিল বোর্ড তার মনোনয়নপত্রের বৈধতা বহাল রাখে।
এর আগে একই আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী নির্বাচন কমিশনে আবদুল লতিফের মনোনয়নের বৈধতার বিরুদ্ধে আপিল করেন। শুনানিতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দলের নেতা হওয়ায় আবদুল লতিফ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
তবে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাছউদ বলেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু কোনো ব্যক্তিকে নিষিদ্ধ করেনি। সব পক্ষের বক্তব্য শোনার পর কমিশন আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ রাখার সিদ্ধান্ত নেয়।
শুনানি সকাল সোয়া ১০টার দিকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।











