টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মিছিলের পরপরই জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শহরে পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোড এলাকায় ৮ থেকে ১০ জনের একটি দল আকস্মিকভাবে মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। প্রায় পাঁচ মিনিট স্থায়ী ওই মিছিলে সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ছবিসংবলিত ব্যানারও প্রদর্শন করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, পলাতক আওয়ামী লীগ নেতা তানভীর হাসান ছোট মনিরের সমর্থকরাই এই ঝটিকা মিছিলের আয়োজন করেছে।
ঘটনার পর অভিযান চালিয়ে মিছিলে অংশগ্রহণের অভিযোগে টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিককে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যেকোনো ধরনের কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী ঝটিকা মিছিল বের করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাস্থল থেকে আশিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, মিছিলের ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।











