টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামে বৃদ্ধ মোহাম্মদ আলী হত্যা মামলায় পিতা-পুত্রসহ আট আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক ফয়সাল আল মামুন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— সদর উপজেলার ছোট বিন্যাফৈর (চরপাড়া) গ্রামের দবির উদ্দিন (৬৫), তার পাঁচ ছেলে রফিক মিয়া (৪৫), তোফাজ্জল হোসেন (৩৫), ময়দান আলী (৩৩), হাসেম আলী (৪২) ও আব্দুর রহমান (৩৮), হাসেম আলীর স্ত্রী শিল্পী বেগম (৩২) এবং একই গ্রামের মৃত ইনছাদ আলীর ছেলে হযরত আলী (৫০)।
আদালত সূত্র জানায়, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে মোহাম্মদ আলীর বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে ২০২২ সালের ২৪ জুলাই সকালে পরিকল্পিতভাবে আসামিরা চাইনিজ কুড়াল, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে হামলা চালিয়ে মোহাম্মদ আলীকে হত্যা করে।
ঘটনার দিনই নিহতের মেয়ে মর্জিনা আক্তার বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩০ নভেম্বর টাঙ্গাইল সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।
সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এজাহারভুক্ত আট আসামির সবাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি হাসেম আলী পলাতক থাকলেও অন্য সাতজন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইদুর রহমান স্বপন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শামীমুল আক্তার শামীম।











