টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে র্যাবের মাদকবিরোধী অভিযানে ৪৩০ গ্রাম হেরোইনসহ এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে যমুনা সেতুর পূর্বপাড় গোলচত্বরে এ অভিযান পরিচালনা করে র্যাব-১৪, সিপিসি-৩ ক্যাম্প।
গ্রেপ্তাররা হলেন, রাজশাহী জেলার বাসিন্দা তসিকুর রহমান রুবেল (৩৫) ও তার স্ত্রী শিরিন খাতুন (২২)। তাদের কাছ থেকে ৪৩০ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ২ হাজার ৮০০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব-১৪, সিপিসি-৩ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল যমুনা সেতুর পূর্বপাড়ে সিরাজগঞ্জ-ঢাকাগামী সড়কে ‘দেশ ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় যাত্রীবেশে থাকা ওই দম্পতিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে হেরোইন থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ যমুনা সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।











