টাঙ্গাইল সদর সংবাদ দাতা
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সার্বিক জনদুর্ভোগ লাঘবের দাবিতে টাঙ্গাইল শহরে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দল।
শহরের নিরালা মোড়ে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা ১১ দলের আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা আমির আহসান হাবিব মাসুদ।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে ক্ষমতায় থাকা গ্রহণযোগ্য নয়। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তিনি। অন্যথায় এর পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, এনসিপির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর, সহকারী সেক্রেটারি হুসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, এনসিপির জেলা সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল এবং বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা কামরুল হাসানসহ অন্যান্য নেতারা।
সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি মসজিদ রোড, পুরাতন বাসস্ট্যান্ড, ময়মনসিংহ রোড ও রেজিস্ট্রিপাড়া হয়ে ভিক্টোরিয়া রোডের জাহাজ বিল্ডিং এলাকায় গিয়ে শেষ হয়।











