টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মালা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ অনেকে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সজল, কাগমারী এম এম আলী কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম, শহর যুবদলের সভাপতি রাশেদ খান সোহাগ, জেলা ছাত্রদলের সদস্য আজাদ মিয়া ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম প্রমুখ।
বক্তারা বলেন, ফারাক্কা বাঁধের কারণে নদীর নাব্যতা হ্রাস এবং পানির ন্যায্য হিস্যা থেকে বাংলাদেশ বঞ্চিত হচ্ছে। তারা মাওলানা ভাসানীর ঐতিহাসিক আন্দোলনের আদর্শ অনুসরণ করে নদী ও পরিবেশ রক্ষার দাবি জানান।
উল্লেখ্য, ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব ও পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৯৭৬ সালের ১৬ মে মাওলানা ভাসানীর নেতৃত্বে “নদী বাঁচাও, দেশ বাঁচাও” স্লোগানে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয়। রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে শুরু হওয়া সেই লং মার্চ ফারাক্কা বাঁধ অভিমুখে অগ্রসর হয়ে কানসাট হাই স্কুল মাঠে সমাবেশে শেষ হয়। সেই সময় লাখো মানুষের অংশগ্রহণে এটি ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও পরিবেশ আন্দোলন হিসেবে স্থান পায়।
এরই ধারাবাহিকতায় প্রতি বছর ১৬ মে ফারাক্কা দিবস পালিত হয়ে আসছে।











