খবর বাংলা ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করেছেন বিএনপির প্রার্থী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা-১৬ আসনে লড়াই করে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনে আব্দুল বাতেন ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়েছেন, আর আমিনুল হক ৮৫ হাজার ৪৬৭ ভোট পেয়েছেন।
যদিও ভোটে হেরে গেছেন, তবুও তিনি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর (টেকনোক্র্যাট) দায়িত্ব পেয়েছেন।
এর আগে ১৫ জনের বেশি প্রার্থী হাইকোর্টে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেছেন। হাইকোর্ট এসব আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালট ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্রের শুনানি হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনালে হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।











