খবর বাংলা ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো এবার ভোটারদের আকৃষ্ট করতে ব্যবহার করছে চমকপ্রদ থিম সং, স্বল্প দৈর্ঘ্যের ভিডিও ও ডিজিটাল কনটেন্ট। প্রথাগত মাইকিং ও পোস্টারের সীমা পেরিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে বিশেষ করে ‘জেন-জি’ বা তরুণ প্রজন্মকে লক্ষ্য করে চলছে সৃজনশীল প্রচারণা।
বিএনপি তাদের অফিসিয়াল থিম সং “ভোট দিবেন কিসে, ধানের শীষে” প্রকাশ করেছে। গানটিতে দলের স্লোগান “সবার আগে বাংলাদেশ” ব্যবহার করা হয়েছে এবং এতে বাংলার শিল্প-সংস্কৃতি ও উন্নয়নের প্রতিশ্রুতি ফুটে উঠেছে। ইউটিউব ও ফেসবুকে প্রকাশের পর থেকে সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের থিম সং “ভোটের মিছিলে আমার প্রতীক শাপলা কলি” উদ্বোধন করেছে রাজধানীর শাহবাগে। গানটিতে ২৪-এর গণ-অভ্যুত্থান, তরুণদের জীবন ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা ফুটে উঠেছে।
জামায়াতে ইসলামীও সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থক-কর্মীদের মাধ্যমে কিছু থিম সং প্রচার করেছে, যদিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
নির্বাচন কমিশনও ডিজিটাল প্রচারণায় অংশ নিয়েছে। ভোটারদের নির্বাচন প্রক্রিয়ায় উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে বিশেষ সচেতনতামূলক থিম সং প্রকাশ করা হয়েছে, যেখানে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটের নিয়ম ও গুরুত্ব বোঝানো হয়েছে।
রাজনৈতিক দলগুলো মূলত ২৪-এর গণ-অভ্যুত্থানে উজ্জীবিত তরুণদের লক্ষ্য করে এই ডিজিটাল কনটেন্ট তৈরি করেছে। সেই সময়ে সাহসী গান যেমন আন্দোলনের শক্তি জুগিয়েছিল, এবারও শক্তিশালী লিরিকের মাধ্যমে তরুণদের মন জয় করার চেষ্টা চলছে।
সাধারণ মানুষও শব্দদূষণ ও যানজট তৈরি করা প্রচারণার তুলনায় ডিজিটাল প্রচারণাকে স্বাগত জানিয়েছে। তারা গানগুলি শেয়ার করছে এবং রিলস ভিডিও বানিয়ে প্রচারণার অংশ হচ্ছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











