খবর বাংলা ডেস্ক :
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) দিবাগত গভীর রাতে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন— শালিকাদহ গ্রামের মো. রবিউল ইসলাম (৩৩), চন্ডিদাসপুর গ্রামের মো. রেজাউল করিম (৩৫), রংপুরের পীরগঞ্জ উপজেলার জুনুদেপাড়া গ্রামের মো. আবেদ আলী (৬০) এবং ঠাকুরদাস লক্ষীপুর গ্রামের মো. সাদেকুল ইসলাম ওরফে শফিক (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঘোড়াঘাট থানার এসআই মো. মামুনুর রশিদ তোকদারের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযানে এলাকায় টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শালিকাদহ করতোয়া নদীর ঘাট সংলগ্ন জনৈক তাসাদুল ইসলামের অনাবাদী জমিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে প্রকাশ্যে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে জুয়ার বোর্ডে ব্যবহৃত ৩টি ডাবু, ১৮টি ফরগুটি, ১টি ফরদিসহ নগদ ৭ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর মো. আহনাফ তাহমিদকে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











