খবর বাংলা ডেস্ক :
ঢাকা-করাচি রুটে ১৪ বছরের বিরতির পর সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু হবে। আপাতত সপ্তাহে দুই দিন—বৃহস্পতিবার ও শনিবার—এই রুটে ফ্লাইট চলবে।
সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমবে। ঢাকা থেকে করাচি ১৪৭১ মাইল দূরত্বের এই রুটে যাত্রা সম্পন্ন হতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা। আগে যাত্রীরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করে দীর্ঘ সময় ও অতিরিক্ত খরচে যাতায়াত করতেন।
ফ্লাইটটি ১৬২ সিটের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজে পরিচালিত হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানিয়েছেন, “প্রথম ফ্লাইটের সব টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় ফ্লাইটেরও ৮০ শতাংশের বেশি আসন বুকিং হয়ে গেছে। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রা হবে স্বাচ্ছন্দ্যপূর্ণ, দ্রুত এবং ট্রানজিট ঝামেলামুক্ত।”
যাত্রীরা উচ্ছ্বসিত, কারণ এই রুট চালু হওয়ায় দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম বলেন, “ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট কেবল যাত্রী পরিবহন নয়, বরং কার্গো পরিবহনেও বড় সুযোগ তৈরি করবে। এছাড়া সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে।”
নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা-করাচি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। নতুন ফ্লাইট চালু হওয়ার ফলে রাউন্ড ট্রিপের খরচ কমে সর্বনিম্ন ৫১ হাজার টাকা হবে, যা আগের তুলনায় ৩০ থেকে ৭০ হাজার টাকা কম।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











