খবর বাংলা ডেস্ক :
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের ঘটনায় আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮ ক্রুসহ মোট ১৮৯ বাংলাদেশিকে নিয়ে ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইট ঢাকায় পৌঁছেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েছিলেন।
তাদের গ্রহণ করতে বিমানবন্দরে অপেক্ষায় থাকা স্বজনরা জানান, হঠাৎ যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় তারা উদ্বিগ্ন ছিলেন। যোগাযোগ করলে কিছুক্ষণ পরপরই ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যাচ্ছিল, এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।
ফেরত আসা ব্যক্তিদের পরিবারের অনেকেই ইউএস বাংলা এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটের খবর পেয়ে গভীর রাতেই বিমানবন্দরে চলে আসেন এবং সেখানেই সেহরি করেন।
বিমান অবতরণের খবর পেয়ে স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসে। প্রিয়জনদের নিরাপদে ফিরে পাওয়াকে তারা বড় স্বস্তি হিসেবে উল্লেখ করেন।
তথ্য সূত্র : যমুনা টিভি











