দেলদুয়ার সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় রাশেদা বেগম (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। বুধবার (১৩ মে) উপজেলার সদর ইউনিয়নের বোয়ালজান গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে পরিবারের সদস্যরা রাশেদা বেগমের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত রাশেদার পরিবারের সদস্যদের অভিযোগ, তার স্বামী লিটন মিয়া মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন এবং শারীরিক নির্যাতন চালাতেন। ঘটনার আগের রাতেও রাশেদাকে মারধর ও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, ঘটনাটি রহস্যজনক হওয়ায় সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন প্রয়োজন।
দেলদুয়ার থানার পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা—তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী লিটন মিয়াকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত সাত দিনে দেলদুয়ার উপজেলায় তিনটি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। এর মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন।











