নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলে দেশি পণ্য বিদেশি বলে বিক্রি ও নকল পণ্য বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে টাঙ্গাইল শহরের জেলা সদর রোড এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বন্ড, টপটেন ও মেঘামার্ট নামের তিনটি নামীদামী প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসময় টপটনকে ৫০ হাজার টাকা, বন্ড-কে ৫০ হাজার টাকা ও মেঘামার্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। এসময় তিনি বলেন, দেশি পণ্য বিদেশি বলে বিক্রি, নকল পণ্য বিক্রি ও ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে অনিয়ম বন্ধ করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।











