খবর বাংলা ডেস্ক :
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩ জুন পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলারে।
বুধবার (৩ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ হাজার ৮২১ দশমিক ৮৩ মিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ১৬০ দশমিক ৬০ মিলিয়ন ডলার।
এর আগে গত ১ জুন দেশের মোট রিজার্ভ ছিল ৩৪ হাজার ৭৬৬ দশমিক ৯৯ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ১০৭ দশমিক ৬১ মিলিয়ন ডলার। ফলে দুই দিনের ব্যবধানে রিজার্ভে ইতিবাচক বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি দেশের আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক ঋণ পরিশোধ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে বিভিন্ন স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভ হিসাব করা হয়, যা একটি দেশের অর্থনৈতিক সক্ষমতার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।
তথ্য সূত্র : যমুনা টিভি











