খবর বাংলা ডেস্ক :
প্রবাসী আয় ও রপ্তানি আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধির ফলে দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত হিসাবপদ্ধতি অনুযায়ী দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩ হাজার ১২৩ কোটি ৯৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা ৩১.২৩ বিলিয়ন ডলারের সমান।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য প্রকাশ করে।
একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮০ কোটি ২৩ লাখ ৫০ হাজার ডলার, অর্থাৎ ৩৫.৮০ বিলিয়ন ডলার।
এর আগে চলতি বছরের মে মাসে দেশের নিট রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছিল। তবে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আওতায় দুই মাসের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ সাময়িকভাবে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবাসী আয় ও রপ্তানি আয়ের প্রবাহ ইতিবাচক থাকায় অল্প সময়ের মধ্যেই রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে।
উল্লেখ্য, আকু ব্যবস্থার আওতায় সদস্য দেশগুলোর মধ্যে প্রতি দুই মাস অন্তর আমদানি-সংক্রান্ত লেনদেনের বিল পরিশোধ করা হয়, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাময়িক প্রভাব ফেলে।











