খবরবাংলা ডেস্ক :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ফেসবুক মেসেঞ্জারে এক নারীকে অশালীন ছবি, ভিডিও ও আপত্তিকর বার্তা পাঠিয়ে হয়রানি, কু-প্রস্তাব দেওয়া এবং তার ১০ বছর বয়সী শিশুকন্যাকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় আপন বাদশা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) রাত ৯টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় নওগাঁ শহরের ছোট যমুনা নদীর ওপর অবস্থিত লর্ড লিটন সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া আপন বাদশা সান্তাহার ইউনিয়নের উথরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগী নারীকে অশালীন ছবি, ভিডিও ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিকভাবে হয়রানি করে আসছিল। এছাড়া অডিও কলে বিভিন্ন সময় কু-প্রস্তাব দেওয়ার পাশাপাশি ওই নারীর ১০ বছর বয়সী শিশুকন্যাকেও রাস্তাঘাটে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে।
এজাহার অনুযায়ী, গত ২১ জুন দুপুরে ভুক্তভোগী নারী স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে সান্তাহার রেলগেট এলাকায় অভিযুক্তের সঙ্গে দেখা হলে এসব ঘটনার প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আপন বাদশা তাকে মারধর করেন এবং লোহাজাতীয় বস্তু দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। অভিযোগে আরও বলা হয়, হামলার সময় তার গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।
স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে গত ২৭ জুন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











