সখিপুর সংবাদ দাতা
‘নৃশংস বাংলাদেশ নয়, বরং কবি নজরুলের গান ও নাচের অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চাই’—জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা ও ভালোবাসার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সুন্দর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ বিমান বাহিনী বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘কাব্য ও ছন্দে নজরুল’ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, কাজী নজরুল ইসলাম শুধু একজন কবি নন, তিনি বাঙালির চেতনা, সাম্য ও অসাম্প্রদায়িকতার প্রতীক। শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে তিনি তাঁর লেখনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তাঁর সাহিত্যজুড়ে যেমন বিদ্রোহের চেতনা রয়েছে, তেমনি রয়েছে প্রেম, মানবতা ও ভালোবাসার অমর বার্তা।
নতুন প্রজন্মকে নজরুলের জীবন ও দর্শন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মানুষকে মানুষ হিসেবে দেখার শিক্ষা দিয়েছেন নজরুল। বর্তমান সময়ে তাঁর মানবিক মূল্যবোধ ধারণ করা অত্যন্ত জরুরি।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু ভবন নির্মাণ করলেই কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন হয় না। গুণগত শিক্ষার মাধ্যমে একটি প্রজন্মের ভবিষ্যৎ তৈরি করাই প্রকৃত উন্নয়ন। আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করা না গেলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিও টেকসই হবে না।
বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরের শিক্ষার্থীদের ফলাফলের প্রশংসা করে আহমেদ আযম খান বলেন, প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯ দশমিক ৯২ শতাংশ এবং ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ ফলাফল অত্যন্ত গৌরবের। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন।
কলেজের অবকাঠামোগত সমস্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুটি বাস এবং কলেজে যাতায়াতের সড়ক প্রশস্ত ও নিরাপদ করা প্রয়োজন—বিষয়টি তিনি অবগত আছেন। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান ও নৃত্য পরিবেশন করেন। এতে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদের অধিনায়ক এয়ার কমডোর মো. মাহমুদুর হাসান, বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মনজিলা রিজওয়ানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবকেরা।
অনুষ্ঠান শেষে কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।











