খবরবাংলা ডেস্ক :
বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক পদে রদবদল করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোঃ আলীমুল আমীনকে অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, অধিদফতরের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ারকে পদ থেকে প্রত্যাহার করে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ারকে (বিএ-৩৭৭৭) বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মোঃ আলীমুল আমীনকে (বিএ-৫০২৭) প্রেষণে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগের জন্য তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











